শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা

জাতীয় ডেস্ক

মে ৪, ২০২৬, ১০:৩১ পিএম

নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা

এমপি হচ্ছেন নুসরাত

নানা নাটকীয়তা ও আইনি প্রক্রিয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রয়োজনীয় নথি কমিশনের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর নামে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে। নুসরাত তাবাসসুমের এই নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক ও আইনি মহলে নানা আলোচনা চলছিল।

ঘটনার সূত্রপাত হয় গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে। ওই জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের ব্যাংক সংক্রান্ত জটিলতার আশঙ্কায় নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র দাখিল করা হয়। 

সময় অতিক্রান্ত হওয়ার কারণে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করতে বিরত থাকেন। পরবর্তীতে ২৩ এপ্রিল মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।মনোনয়নপত্র গ্রহণের দাবিতে নুসরাত তাবাসসুম হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন। আদালতের নির্দেশে গত ২ মে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন এবং ৩ মে বৈধ প্রার্থীর তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন সংখ্যার আনুপাতিক হারে নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬টি, স্বতন্ত্র জোটকে একটি এবং জামায়াত জোটকে ১৩টি আসন বণ্টন করেছিল। নুসরাত তাবাসসুমের আসনটি ছাড়া বাকি ৪৯টি আসনে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন। নুসরাতের নাম গেজেট আকারে প্রকাশিত হলে তিনি হবেন বর্তমান সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সংসদ সদস্য।