মে ৪, ২০২৬, ০৪:২৫ পিএম
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশ দেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা দূর করা জরুরি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনেক ক্ষেত্রে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় অতিবাহিত হয়। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেন। বিশেষ করে বিভিন্ন দপ্তর থেকে আলাদাভাবে অনুমতি নেওয়ার জটিলতা বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে।এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানান, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন প্রকল্প বাস্তবায়নে অপরিহার্য নয়, দ্রুত সেসব দপ্তরকে অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যেন বিনিয়োগকারীরা সব ধরনের অনুমোদন পেতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেন। তিনি মনে করেন, শিল্প খাতের স্থবিরতা কাটাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ ছাড়াও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিডা-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিটিএমসি ও বিজেএমসির চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন