রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

কেমন হবে পুলিশের নতুন পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ৪, ২০২৬, ০৫:৪০ পিএম

কেমন হবে পুলিশের নতুন পোশাক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের আবেদন ও সার্বিক গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনা করে সরকার বাহিনীর পোশাকে পরিবর্তন এনে আগের ঐতিহ্যবাহী রূপে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে ‘বলপ্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির’ সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন ও জেলা পুলিশের শার্টের রঙ আগের মতো থাকলেও প্যান্টের জন্য ‘খাকি’ রঙ নিশ্চিত করা হয়েছে। কাপড় উৎপাদন ও প্রস্তুতির প্রয়োজনীয় সময় শেষে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান পোশাকটি পুলিশ বাহিনীর মধ্যে বা সাধারণভাবে ব্যাপকভাবে সমাদৃত হয়নি।

১ মে থেকে সারাদেশে মাদক, অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে এই অভিযানে কাজ করছে। 

মাদকের সিন্ডিকেট ও মূল হোতাদের ধরতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসরকে রুটিন কার্যক্রম হিসেবে বর্ণনা করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিয়োগ, পদোন্নতি ও শৃঙ্খলাজনিত ব্যবস্থা একটি চলমান আইনি প্রক্রিয়া এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে যাতে কোনো অবিচার না ঘটে।

জামিনে মুক্ত হওয়া অপরাধীদের প্রসঙ্গে মন্ত্রী জানান, আদালত থেকে জামিন পাওয়া আইনি বিষয় হলেও তারা যেন পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। হত্যাকাণ্ডের মতো অপরাধের ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।সভায় উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদার ও মাদক চোরাচালান রোধে সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। 

এ ছাড়া সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনকে ইতিহাসের অন্যতম সফল ও কার্যকর হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি প্রাণবন্ত ও বৈচিত্র্যময় সংসদ প্রতিষ্ঠিত হয়েছে যেখানে গঠনমূলক বিতর্ক ও রেকর্ড সংখ্যক আইন প্রণয়ন হয়েছে।বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।