রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি: ডা. জাহিদ

জাতীয় ডেস্ক

মে ৮, ২০২৬, ০৩:২২ পিএম

বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি: ডা. জাহিদ

ডা. এজেডএম জাহিদ হোসেন।

হোসেন বলেছেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসেমিয়া বাহক হন, কেবল তখনই সন্তানদের এই রোগ হতে পারে। এ কারণে বিয়ের আগে ছেলে ও মেয়ে উভয়ই থ্যালাসেমিয়া বাহক কিনা, তা পরীক্ষা করে দেখা উচিত।

শুক্রবার রাজধানীর মালিবাগের হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় বর্তমানে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। 

সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষ করে তাদের মূলধারায় নিয়ে আসতে কাজ করছে।মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ৯ জনে একজন থ্যালাসেমিয়া রোগের বাহক। প্রতি বছর দেশে প্রায় ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় থ্যালাসেমিয়া প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে প্রচার বাড়লে জনসচেতনতা সৃষ্টি হবে। এ জন্য থ্যালাসেমিয়া প্রতিরোধে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে তা প্রচার করার আহ্বান জানান তিনি।এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনজুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। সেমিনারে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চিকিৎসকরাও তাদের মতামত তুলে ধরেন।