রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জিয়া-খালেদার কবরে শ্রদ্ধা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় ডেস্ক

মে ৮, ২০২৬, ০৮:৩৭ পিএম

জিয়া-খালেদার কবরে শ্রদ্ধা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভী। শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের সমাধিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

বিকেলে কঠোর নিরাপত্তার মধ্যে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে সমাধি দুটিতে ফুল দেওয়ার পর তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে কবর জিয়ারত শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর এই পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের সাবেক এই দুই জনপ্রিয় নেতার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।

উভয় নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষরের উদ্দেশ্যে বাংলাদেশ সফরে রয়েছেন। আজ সকালেই তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১০ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক সই করেছেন।

রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের কোনো শীর্ষ মন্ত্রীর জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করল। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ সেখানে অবস্থান করেন এবং সংশ্লিষ্টদের সাথে কুশল বিনিময় করেন।