রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

জাতীয় ডেস্ক

মে ৯, ২০২৬, ০৯:৫৩ পিএম

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক

দক্ষ জনশক্তি তৈরি ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারে টিকে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, দেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ। যার ফলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রায়ই ব্যর্থ হচ্ছেন। এই পরিস্থিতি পাল্টে দিতেই সরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শনিবার (৯ মে) বিকেল ২টায় চট্টগ্রামের নাসিরাবাদে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি ও প্রশিক্ষণ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নুরুল হক নুর জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ জনশক্তি তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেই লক্ষ্যেই বর্তমানে সারাদেশে ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

অদক্ষ কর্মী পাঠানোর চেয়ে দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠাতে পারলে রেমিট্যান্স প্রবাহ ও ব্যক্তিগত আয় বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।প্রতিমন্ত্রী আরও বলেন, অভিবাসন খাতে ব্যয় কমিয়ে আনাও সরকারের পরিকল্পনার একটি বড় অংশ। এর ফলে সাধারণ মানুষ বর্তমানের চেয়ে অনেক কম খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন। আন্তর্জাতিক শ্রমবাজারের বর্তমান চাহিদাকে মাথায় রেখেই প্রশিক্ষণের মডিউলগুলো সাজানো হচ্ছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের কারিগরি শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষ হাতই পারে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে।