বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

নতুন প্রকল্প নেওয়া হলে হানজালার দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নুর

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৮:০৯ পিএম

নতুন প্রকল্প নেওয়া হলে হানজালার দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নুর

ছবি : সংগৃহীত

মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের যুবকদের অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপ গমনের প্রবণতা কঠোরভাবে রোধ করতে নিজ নিজ এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে মাদারীপুর-১ আসনেরসংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার এক সুনির্দিষ্ট দাবির জবাবে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

সংসদে বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনার শুরুতে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা তার এলাকার তরুণদের বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ করে তুলতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান। তিনি উল্লেখ করেন যে প্রয়োজনীয় কারিগরি দক্ষতার অভাবে অনেক যুবক বিদেশে গিয়ে নানা জটিলতার মুখোমুখি হন এবং শেষ পর্যন্ত তুলনামূলক কম মজুরিতে কাজ করতে বাধ্য হন। অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার কারণে প্রায়শই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে বলে স্মরণ করিয়ে দেন তিনি।

এমপি হানজালার বক্তব্যের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান যে সরকারের পক্ষ থেকে বর্তমানে পঞ্চাশটি প্রকল্পের জন্য সুনির্দিষ্ট এলাকা নির্ধারিত রয়েছে। পরবর্তীতে যখন নতুন করে এ ধরনের প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করা হবে, তখন মাদারীপুর-১ আসনের এই জনকল্যাণমূলক দাবিটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে। বৈধ উপায়ে বিদেশ গমনের পথ সুগম করতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন প্রতিমন্ত্রী।