মে ১০, ২০২৬, ০৯:৩১ এএম
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে রোববার (১০ মে) থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এই আয়োজনের উদ্বোধনী দিনে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদানের কথা থাকলেও এবার তা স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তবে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বেশ কিছু বিতর্কিত সদস্যের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক প্রদান কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
অভিযোগ উঠেছে, মনোনীতদের মধ্যে অন্তত ১১ জন অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে পদক পেয়েছিলেন। তাঁদের মধ্যে একজন কর্মকর্তা দুইবার পদক পেয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। এই বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হওয়ার প্রেক্ষিতে শেষ মুহূর্তে পদক প্রদান বন্ধ রাখা হয়।পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে যে পদক দেওয়ার কথা ছিল, সেটি আপাতত হচ্ছে না। এই বিষয়ে পরবর্তী সময়ে স্ক্রুটিনি শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের পুলিশ সপ্তাহে সরকারের ব্যয়সংকোচন নীতি অনুসরণ করা হয়েছে। আগে সাধারণত সাত দিনব্যাপী এই আয়োজন হলেও এবার তা কমিয়ে চার দিন করা হয়েছে। আগামী ১৩ মে এই কার্যক্রম শেষ হবে। একই সঙ্গে আমন্ত্রিত অতিথির সংখ্যাও কমানো হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্টের দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি তাঁর ভাষণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের আস্থা পুনর্প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এই আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সদস্যরা তাঁদের কিছু মৌলিক দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন