মে ১০, ২০২৬, ০৯:৪৭ এএম
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান আপাতত স্থগিত করা হয়েছে। চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনীতদের তালিকায় কিছু বিতর্কিত কর্মকর্তা এবং পূর্ববর্তী রাজনৈতিক সরকারের সময়ে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজনের নাম থাকায় শেষ মুহূর্তে পদক বিতরণ নিয়ে জটিলতা তৈরি হয়। এ কারণে সরকারি অনুমোদন (জিও) জারি না হওয়ায় আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়নি।
পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, তালিকাটি পুনরায় যাচাই–বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বর্তমান তালিকার কিছু নাম বাদ পড়তে পারে, আবার নতুন করে যোগ্য কর্মকর্তাদের নাম যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পদক প্রদান না হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশের একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা বলেন, পুরো প্রক্রিয়াটি এখনো চলমান। যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে।পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতি দেশের বাইরে অবস্থান করায় এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করা সম্ভব হয়নি। পাশাপাশি তালিকাটি আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ সপ্তাহ চলাকালে পদক প্রদান স্থগিত হওয়া সাধারণত বিরল ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে বাহিনীর ভেতরে ব্যাপক আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। সাহসিকতা, দক্ষতা ও সেবার স্বীকৃতি হিসেবে প্রতি বছর পুলিশ সপ্তাহে এই মর্যাদাপূর্ণ পদকগুলো দেওয়া হয়।তবে এবারের তালিকা প্রকাশের পরই অভিযোগ ওঠে যে, কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও তদবিরের মাধ্যমে অযোগ্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মাঠপর্যায়ের অনেক সদস্য, যারা সরাসরি ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন, তাঁদের মধ্যে হতাশাও লক্ষ্য করা গেছে। বর্তমানে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে তালিকাটি চূড়ান্ত করার কাজ চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন