রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে ডা. জুবাইদা রহমানের আহ্বান

জাতীয় ডেস্ক

মে ১১, ২০২৬, ১২:২৭ পিএম

কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে ডা. জুবাইদা রহমানের আহ্বান

পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের অপরিসীম অবদান এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের ভূমিকার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এক বিশেষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান স্পষ্টভাবে বলেন। 

নারীরা পরিবার ও সমাজের মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং তারা স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে সরাসরি অংশ নিয়ে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। তিনি মনে করেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

বক্তব্যের একপর্যায়ে তিনি কন্যা শিশুদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। ডা. জুবাইদা বলেন, "কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব। প্রতিটি মেয়ে তার ভবিষ্যতের জন্য যে স্বপ্ন দেখে, রাষ্ট্র ব্যবস্থার উচিত সেই পথে কোনো বাধা সৃষ্টি না করে বরং তাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া।" 

তিনি আরও যোগ করেন যে, একটি বৈষম্যহীন সমাজ গঠনে শিশুদের সঠিক লালন-পালন ও নিরাপত্তাই মূল ভিত্তি। পুনাকের সদস্যদের এই লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতার প্রশ্নে ডা. জুবাইদা রহমান ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের ওপর জোর দেন। তিনি পরামর্শ দেন যে, যোগ্যতার ভিত্তিতে নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি উন্নয়ন এবং মার্কেটিং সাপোর্ট প্রদান করতে হবে। 

এর ফলে যেমন পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে, তেমনি সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং দেশ থেকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। সবশেষে তিনি পুনাকের সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সুন্দর সমাজ গঠনে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।