মে ১১, ২০২৬, ০১:৫৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধীকে ব্যক্তি হিসেবে দেখতে হবে। সরকার পুলিশ বাহিনীকে এমন এক রূপে দেখতে চায়, যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব। সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ চেষ্টা করলে সমৃদ্ধ ও স্বনির্ভর নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে দেশ এক ধাপ এগিয়ে যাবে।
বাহিনীর সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকা জরুরি। এ সময় তিনি পেশাদারিত্বের প্রশ্নে কোনো ধরনের আপস না করার কঠোর আহ্বান জানান।তারেক রহমান বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার।
এখন থেকে সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির মূল ভিত্তি। তিনি স্মরণ করিয়ে দেন যে, জনগণ কীভাবে সরকারকে দেখে বা মূল্যায়ন করে তা অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। এই কারণে বাহিনীর প্রতিটি সদস্যকে মানবিকতার গুণগুলো রপ্ত করার নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে পুলিশকে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি পুলিশ কর্মকর্তাদের আশ্বস্ত করেন যে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ কর্মকর্তাদের মূল্যায়নের পরিবেশ নিশ্চিত করা হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন