রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাল ইউজিসির জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১১, ২০২৬, ০৪:৪৯ পিএম

কাল ইউজিসির জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্যে জাতীয় কর্মশালা আয়োজন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। 

এই সম্মেলনে শিক্ষাবিদ, মন্ত্রী পরিষদের সদস্য, ইউজিসি সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক এবং শিল্পখাতের প্রতিনিধিসহ প্রায় সাড়ে আটশ আমন্ত্রিত অতিথি অংশ নেবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্রাজুয়েটদের কর্মসংস্থান যোগ্যতা বৃদ্ধি, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন করা হবে।

ইউজিসি চেয়ারম্যানের মতে, এই কর্মশালার অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে একটি বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সংবাদ সম্মেলনে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব কর্মশালার বিভিন্ন আলোচ্য বিষয় বিস্তারিত তুলে ধরেন। এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. সাইদুর রহমান এবং সচিব ড. ফখরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যরা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।