বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

উদ্ভাবনের চালিকাশক্তি বিশ্ববিদ্যালয়: ইউজিসির উদ্যোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:১৯ পিএম

উদ্ভাবনের চালিকাশক্তি বিশ্ববিদ্যালয়: ইউজিসির উদ্যোগ

সংগৃহীত ছবি

উদ্ভাবনের চালিকাশক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে বানাতে উচ্চশিক্ষা ব্যবস্থায় সমন্বিত রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের কেবল সনদমুখী না করে শিল্প খাতের সঙ্গে যৌথ গবেষণা, গবেষণার ফলাফলের বাণিজ্যিকীকরণ, উদ্ভাবনের পেটেন্ট নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইনকিউবেশন হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এক জাতীয় নীতি সংলাপে কমিশনের শীর্ষ পর্যায় থেকে এই কর্মপরিকল্পনার কথা জানানো হয়।

জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর অংশীদার করার তাগিদ দেওয়া হয়েছে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উপলক্ষে আয়োজিত ‘উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই রূপরেখা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সরকারের প্রত্যাশা অনুযায়ী দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে হলে উচ্চশিক্ষাকে সরাসরি অর্থনৈতিক উৎপাদনের সঙ্গে যুক্ত করতে হবে। সম্প্রতি বিভিন্ন ক্যাম্পাস পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তরুণ শিক্ষার্থীরা অসংখ্য সম্ভাবনাময় ধারণা তৈরি করলেও বাণিজ্যিক সংযোগের অভাবে সেগুলো মাঠপর্যায়ে পৌঁছাতে পারছে না।

বর্তমানে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে খণ্ডকালীন বা বিচ্ছিন্নভাবে প্রযুক্তি হস্তান্তর সেল ও ব্যবসায়িক সহায়তা কেন্দ্র চালু থাকলেও সেগুলোর স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে স্পষ্ট নীতিমালার অভাব রয়েছে। এই প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে আন্তর্জাতিক বাস্তবতার আলোকে দেশীয় চাহিদামাফিক একটি সুনির্দিষ্ট জাতীয় কাঠামো প্রণয়ন করতে চায় কমিশন। চেয়ারম্যানের স্পষ্ট বার্তা, একজন শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করে কেবল একটি কাগুজে সনদ নিয়ে বের হবেন না, বরং তাকে বাস্তবমুখী দক্ষতা ও নতুন মূল্য সংযোজনের ধারণা নিয়ে কর্মজীবনে প্রবেশ করতে হবে।

এই লক্ষ্যে অবকাঠামোগত সক্ষমতা থাকা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন কেন্দ্র ও উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম নিশ্চিত করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিয়মিত গবেষণা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সেরা প্রকল্পগুলোকে জাতীয় পর্যায়ে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানের সঞ্চালনায় এই নীতি সংলাপে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উম্মে সালমা জোহরা বক্তব্য দেন। এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ ব্যাংক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প করপোরেশন, বিশ্বব্যাংক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), ব্র্যাক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও স্টার্টআপ বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতবিনিময় করেন।