রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে শিক্ষকদের কর্মশালা উচ্চশিক্ষার মানোন্নয়নে তাগিদ

নিজস্ব প্রতিবেদক

জুন ২৬, ২০২৬, ০৩:০৬ পিএম

হাবিপ্রবিতে শিক্ষকদের কর্মশালা উচ্চশিক্ষার মানোন্নয়নে তাগিদ

ছবি-দিনাজপুর টিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের প্রভাষকদের জন্য দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের উদ্যোগে এই পেডাগজি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম সিকদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের উপ-পরিচালক মো. শাহজাহান মণ্ডল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, দেশের মানবসম্পদ অত্যন্ত মেধাবী এবং শিক্ষকদের উচ্চস্তরের পেশাগত উন্নয়নের জন্য শিক্ষণ পদ্ধতি বা পেডাগজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক বিভিন্ন সমস্যাসমাধানে এবং মানসম্মত গবেষণা পত্র তৈরির ক্ষেত্রে শিক্ষকদের এই পদ্ধতি কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যা তাঁর বক্তব্যে জানান, নতুন শিক্ষকদের দক্ষ ও নিবেদিত প্রাণ হিসেবে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য। এই ধরনের কর্মশালা উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে নতুন শিক্ষকদের গবেষণা ও প্রকাশনার সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাজেট বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

দিনব্যাপী আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩৩ জন প্রভাষক অংশ নেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।