মে ১১, ২০২৬, ০৬:৩০ পিএম
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে এই সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি। প্রকল্পের প্রাক-প্রস্তুতি বর্তমানে চলমান রয়েছে। এখন মূলত অর্থায়নের জায়গাটা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও কাজ চলছে।
মন্ত্রী জানান, দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে সরকারের কাছে তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে এক নম্বর প্রস্তাব অনুযায়ী দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সেতুটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই পয়েন্টে সেতুটি নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে ৬৯টি মোবাইল কোর্ট।
চলতি মাসের শেষদিকে উদযাপিত হতে যাওয়া পবিত্র ঈদুল আজহার যাত্রা নিয়ে মন্ত্রী জানান, এ বছর ঈদে গার্মেন্টস কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। গত ঈদুল ফিতরের সময় হঠাৎ করে সব গার্মেন্টস ছুটি দেওয়ায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার পর্যায়ক্রমে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শেখ রবিউল আলম বলেন, গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যেসব ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় বিআরটিএ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে কাজ শুরু করতে বলা হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে এবং বিদ্যমান পদ্মা সেতুর ওপর চাপের ভারসাম্য রক্ষা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন