রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

জাতীয় ডেস্ক

মে ১২, ২০২৬, ০৩:৫২ পিএম

মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বাজারে কেনাকাটার সময় বাড়ল

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে মার্কেট, বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ঈদের দিন পর্যন্ত সব দোকানপাট ও বিপণী বিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ মে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। কেনাকাটার সুবিধার্থে সময় বাড়ানোর জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল।

বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, তাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বিষয়টি অনুমোদন করেছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঈদুল আযহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বর্ধিত করা হলো।

তবে সময় বাড়ানো হলেও শর্ত হিসেবে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে কঠোরভাবে বলা হয়েছে, বর্ধিত এই সময়ে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এমনকি অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকেও ব্যবসায়ীদের বিরত থাকতে বলা হয়েছে।

ব্যবসায়ীরা মনে করছেন, সময় বাড়ানোর ফলে ক্রেতারা দীর্ঘ সময় ধরে কেনাকাটা করার সুযোগ পাবেন। বিশেষ করে কর্মজীবী মানুষেরা অফিস শেষ করে স্বাচ্ছন্দ্যে ঈদের বাজার করতে পারবেন। ১২ মে অর্থাৎ আজ থেকেই সারাদেশের ছোট-বড় সব মার্কেটে এই নিয়ম কার্যকর হচ্ছে।