মে ১৩, ২০২৬, ০৫:১৬ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সিদ্ধান্তের কথা জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, চলতি বছর গরুর কাঁচা চামড়ার দর রাজধানী ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই দরের তুলনায় এ বছর কিছুটা সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
খাসি ও বকরির চামড়ার দামের বিষয়ে ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশে খাসির কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই দরের ভিত্তিতেই ব্যবসায়ীদের চামড়া সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কোরবানির পশুর চামড়া যাতে পচে নষ্ট না হয়, সে জন্য সারাদেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।লবণ বিতরণের প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে এই লবণ জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। মাঠ পর্যায়ে লবণের সংকট যাতে তৈরি না হয় এবং চামড়া সংরক্ষণে কোনো গাফিলতি না থাকে, সে বিষয়ে বিসিক ও স্থানীয় প্রশাসনকে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় চামড়া শিল্পের বিভিন্ন খাতের প্রতিনিধি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী উল্লেখ করেন, চামড়ার আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এবং দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এই দর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে চামড়া কেনা রোধে কঠোর মনিটরিং ব্যবস্থা থাকবে বলেও সভায় জানানো হয়।পবিত্র ঈদুল আজহার দিন থেকে শুরু করে পরবর্তী কয়েক দিন সারাদেশে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের এই কার্যক্রম চলবে। কোনো অনিয়ম বা সিন্ডিকেট করে দাম কমানোর চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন