মে ২২, ২০২৬, ০৩:৪০ পিএম
সীমান্তে কড়াকড়ি এবং দেশের বেশ কিছু বড় খামার বন্ধ থাকায় এবার কোরবানির পশুর বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন ব্যাপারী ও খামারিরা। ভারতের পশ্চিমবঙ্গ সরকার গরু পরিবহনে কড়াকড়ি আরোপ করায় এবার সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসার সুযোগ নেই বললেই চলে। একই সঙ্গে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীও সীমান্তবর্তী হাটগুলোর অনুমোদন না দেওয়ার ঘোষণা দিয়েছেন।আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ঈদের এখনও সাত দিন বাকি থাকলেও ঢাকার অস্থায়ী হাটগুলোতে কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জসহ বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে গরু আসতে শুরু করেছে। ব্যাপারীরা জানান, ক্ষমতার পালাবদল, খাদ্যের মূল্যবৃদ্ধি ও ব্যাংক ঋণ না পাওয়ায় গত এক-দেড় বছরে দেশে এক হাজারের বেশি খামার বন্ধ হয়ে গেছে। এর ফলে বাজারে পশুর ঘাটতি না হলেও চাহিদার তুলনায় খুব বেশি উদ্বৃত্ত থাকবে না। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার কোরবানিদাতার সংখ্যাও বাড়ার সম্ভাবনা দেখছেন তারা।ভালো জায়গা নিশ্চিত করার লক্ষ্যে অনেক বিক্রেতা নিয়মের আগেই হাটে এসে হাজির হয়েছেন।
এবার রাজধানীতে স্থায়ী গাবতলী হাটসহ দুই সিটি কর্পোরেশন এলাকায় মোট ২৪টি পশুর হাট বসবে। এর মধ্যে দক্ষিণ সিটিতে ১১টি এবং উত্তর সিটিতে ১২টি অস্থায়ী হাট পাঁচ দিনের জন্য ইজারা দেওয়া হয়েছে। মাঠগুলোতে বাঁশ দিয়ে ঘেরা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শেষ মুহূর্তে হাটে পশুর চাহিদা অনেক বেড়ে যেতে পারে বলে মনে করছেন খামারিরা।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। সম্ভাব্য চাহিদার তুলনায় বাজারে প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকার হিসাব প্রকাশ করেছে অধিদপ্তর। গত বছর দেশে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছিল। পশুর দাম স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন