মে ১৫, ২০২৬, ০২:৪৫ পিএম
২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে এনসিটিবি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী জানিয়েছেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী একটি যুগোপযোগী শিক্ষাক্রম চালুর লক্ষ্যে এই পরিমার্জন কাজ চলছে।
প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সনসহ সব স্তরের মোট ৬০১টি পাঠ্যপুস্তক পরিমার্জন করা হবে।অতীতের পাঠ্যপুস্তকে ইতিহাসের যে বিচ্যুতি ঘটেছিল তা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধে বিভিন্ন বীর নায়কদের অবদান এখন থেকে সঠিকভাবে বইয়ে স্থান পাবে। এছাড়া ৯০-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিস্তারিত ইতিহাস পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে জাতির সঠিক গন্তব্য এবং সংগ্রামের ইতিহাস জানতে পারে তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ইতিহাসের একপেশে স্বীকৃতি সংশোধন করে এবার সব স্তরের মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।মাধ্যমিক পর্যায়ের ৯৭টি এবং প্রাথমিক পর্যায়ের ৩৬টি বই পরিমার্জনে দেশের প্রায় ৩২০ জন বিশেষজ্ঞ বর্তমানে কাজ করছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক এবং অভিজ্ঞ স্কুলশিক্ষক রয়েছেন।শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে তিনটি নতুন বৈচিত্র্যময় বই যুক্ত করা হচ্ছে। চতুর্থ শ্রেণির জন্য ‘খেলাধুলা ও সংস্কৃতি’ বিষয়ক একটি বই প্রণয়ন করা হচ্ছে যা শিশুদের ডিজিটাল আসক্তি কমাতে সাহায্য করবে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরীক্ষামূলকভাবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই আনা হচ্ছে যাতে তারা চাপের বদলে আনন্দের সঙ্গে শিখতে পারে। আইসিটি বইয়ের ক্ষেত্রেও আমূল পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকবে।আগামী জুলাই মাসের মধ্যেই পরিমার্জনের সব কাজ শেষ করে মুদ্রণের প্রস্তুতি নেওয়া হবে।
২০২৭ সালের জন্য এই সংস্কার কাজ চললেও ২০২৮ শিক্ষাবর্ষে আরও বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে শিক্ষা প্রশাসনের। সেটি হতে পারে একটি পূর্ণাঙ্গ নতুন কারিকুলাম যেখানে ‘অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা’ প্রাধান্য পাবে। এনসিটিবি মনে করছে বইয়ের সংখ্যা কমিয়ে ব্যবহারিক শিক্ষার পরিধি বাড়ালে শিক্ষার্থীরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি সক্ষম হবে। নতুন বছরে শিক্ষার্থীরা বিচ্যুতিমুক্ত, নির্ভুল ও আধুনিক পাঠ্যপুস্তক হাতে পাবে এমন প্রত্যাশাই এখন সংশ্লিষ্টদের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন