রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৮:১১ পিএম

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাঁথার বিষয়টি যুক্ত হচ্ছে না। বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ওই সভার চূড়ান্ত পরিকল্পনায় বিষয়টি নিয়ে কোনো আলোচনা বা এজেন্ডা রাখা হয়নি।তবে ২০২৮ শিক্ষাবর্ষে এটি অন্তর্ভুক্ত হবে কিনা তা পরবর্তীতে নির্ধারণ করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক শিক্ষাক্রম উইং জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিকের পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। ফলে ২০২৭ সালের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে শহীদ ওসমান হাদির বিষয়টি রাখার আর কোনো সুযোগ নেই। ২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে এবং সে সময় কোন বিষয় যুক্ত বা বাদ যাবে তা সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে। 

বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬টি পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শেষ হয়েছে।অবশ্য আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়াও প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের নির্দিষ্ট একটি পাঠে চার নেতার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী সময়ে ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে অন্যান্য ঐতিহাসিক চরিত্রের মতো করে শরীফ ওসমান বিন হাদিকেও অন্তর্ভুক্ত করার একটি চিন্তা-ভাবনা রয়েছে। তবে সরকারের সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটিই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে বলে জানা গেছে।