শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

ক্যানসার প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার

জাতীয় ডেস্ক

মে ১৭, ২০২৬, ০১:৩২ পিএম

ক্যানসার প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার

কমিউনিটি হেলথ কেয়ার

ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মূল ভিত্তি হিসেবে ধরে কাজ করছে। সুইজারল্যান্ডের জেনেভায় কমনওয়েলথ হেলথ কোঅর্ডিনেশন ফোরামের উচ্চপর্যায়ের বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই তথ্য জানান। শনিবার (১৬ মে) ‘কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ক্যানসার চিকিৎসা’ শীর্ষক বিশেষ সভায় তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন।

বৈঠকে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের প্রতিনিধি, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতি-নির্ধারকেরা অংশ নেন।সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ক্যানসার চিকিৎসা সহজলভ্য ও সাশ্রয়ী করতে একে প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামোর সঙ্গে একীভূত করা অপরিহার্য বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। 

তিনি ২০২২ সালের একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশে বছরে বিপুল সংখ্যক মানুষ এই মারণব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে প্রতি বছর এক লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ ক্যানসারজনিত কারণে মারা যান। সঠিক সময়ে রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসার অভাব এবং উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে এই সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে জাতীয় ক্যানসার ব্যবস্থাপনা গাইডলাইন এবং সমন্বিত অসংক্রামক ব্যাধি কৌশল প্রণয়ন করেছে সরকার। সঠিক পরিকল্পনার জন্য হাসপাতাল-ভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি ক্রমান্বয়ে সম্প্রসারণ করা হচ্ছে। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে দেশজুড়ে লাখ লাখ কিশোরীকে এইচপিভি টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। এছাড়া স্তন ও মুখের ক্যানসার স্ক্রিনিংয়ের জন্য কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ জোরদার করা হচ্ছে।

তবে বিশেষায়িত অবকাঠামোর ঘাটতি, দক্ষ জনবলের অভাব ও অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের মতো কিছু সীমাবদ্ধতার কথা অকপটে স্বীকার করেন প্রতিমন্ত্রী। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধান শহরের বাইরে ক্যানসার চিকিৎসাকে বিকেন্দ্রীকরণ এবং প্যাথলজি ও অনকোলজি খাতের উন্নয়নে কাজ চলছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক গবেষণা ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।