বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড মানা জরুরি: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ২০, ২০২৬, ১১:৩৭ এএম

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড মানা জরুরি: প্রধানমন্ত্রী

গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল ১০টায় আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বাহিনীর সদস্যদের শৃঙ্খলার প্রতি কড়া নজর দেওয়ার নির্দেশ দেন। একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

এই দুটি বিষয়ে সামান্য অবহেলা হলেও বাহিনীর প্রতি জনমনে আস্থার সংকট তৈরি হয়।মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর গৌরবজনক ভূমিকার কথা গভীরভাবে স্মরণ করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা যুদ্ধে আনসার সদস্যরা প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে সরাসরি অংশ নিয়েছিলেন। 

ওই সময় বাহিনীর ৬৭০ জন সদস্য শহীদ হন, যাদের অবদান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।স্বাধীনতার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসারকে একীভূত করে এর কাঠামো শক্তিশালী করেন।

পরবর্তীতে ১৯৯৫ সালে খালেদা জিয়া সরকারের সময় আনসার-ভিডিপি আইন প্রণয়ন করা হয়। এর মাধ্যমেই স্বেচ্ছাসেবী এই কাঠামো একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা পায়। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর সংকটময় পরিস্থিতিতে দেশের থানাগুলো পাহারা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তারা এখন আইনশৃঙ্খলার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর সেবা প্রদানেও সক্রিয় অবদান রাখছেন।দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতার আলোকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।