শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে প্রাণ হারালেন ২৪ জন

জাতীয় ডেস্ক

মে ২৫, ২০২৬, ১০:০৮ পিএম

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে প্রাণ হারালেন ২৪ জন

ঈদুল আযহার ছুটির প্রথম দিনে সারা দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানির ঘটনাটি ছিল সবচেয়ে মর্মান্তিক। এছাড়া বগুড়া, গোপালগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ ও মুন্সীগঞ্জে পৃথক দুর্ঘটনায় আরও ৯ জন প্রাণ হারিয়েছেন।

ঘরমুখো মানুষের যাত্রার শুরুতেই এসব দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 

নিহতদের অধিকাংশ নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। তারা নোয়াখালীতে কর্মরত ছিলেন এবং ঈদ উপলক্ষে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।বগুড়া ও গোপালগঞ্জেও ঝরেছে একাধিক প্রাণ।

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা ও তার কন্যা নিহত হয়েছেন। অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুজন ট্রাককর্মী।

মুন্সীগঞ্জে দোগাছি ও গজারিয়ায় পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সংশ্লিষ্ট জেলা ও হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা নিয়েছে। ঈদে ঝুঁকি নিয়ে ঘরমুখো মানুষের যাতায়াত ও ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্যকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনা রোধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।