জুন ১১, ২০২৬, ১২:৩১ পিএম
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর প্রস্তাবিত বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। মন্ত্রিসভার অনুমোদনের পর জাতীয় বাজেট সংক্রান্ত বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনুমোদনসূচক সই করবেন। আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৬ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য এটি প্রথম বাজেট পেশ। বর্তমান সরকারের অধীনে এটিই প্রথম জাতীয় বাজেট, তাই সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়নই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা মনে করছেন, এই বিশাল বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে সরকারের আগামী দিনের প্রধান লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন