শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

রূপপুরের প্রথম ইউনিট নভেম্বরে চালু সম্ভব: বিদ্যুৎমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ১২, ২০২৬, ০২:৩৯ পিএম

রূপপুরের প্রথম ইউনিট নভেম্বরে চালু সম্ভব: বিদ্যুৎমন্ত্রী

আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। লক্ষ্য বাস্তবায়নে হাতে সময় খুব বেশি নেই। তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ খাতের বিদ্যমান চুক্তিগুলো এখন আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে।ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকার বড় ধরনের আর্থিক বোঝা রেখে গেছে বলে বিদ্যুৎমন্ত্রী অভিযোগ করেন। তবে নতুন সরকার চাইলেই তাত্ক্ষণিকভাবে সবকিছু পরিবর্তন করতে পারে না। পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে। আইন মন্ত্রণালয় এখন এই চুক্তিগুলো খতিয়ে দেখছে। রাতারাতি কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এবং আইন অনুযায়ী পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও সঞ্চালনের সঙ্গে মিল রেখে বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক সম্প্রসারণ করেছিল এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু তারা কার্যকর সমন্বয়ের বিষয়টিকে কোনো গুরুত্ব দেয়নি। ফলে উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা ঠিক থাকলেও সরবরাহ ব্যবস্থায় বড় ঘাটতি রয়ে গেছে। 

অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপন করায় উৎপাদন স্বাভাবিক থাকলেও অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।মূল সমস্যাটি আসলে বিতরণ লাইনের ত্রুটি। পিজিসিবি বা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই সমস্যা সমাধানের উপায় খোঁজা হচ্ছে।