বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না: তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০৪:২৭ পিএম

ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না: তথ্যমন্ত্রী

ইতিহাসের অকাট্য বাস্তবতা যখন স্পষ্টভাবে জনগণের সামনে চলে আসে, তখন ইতিহাস বিকৃতকারীরা সমাজে কখনো টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অতীতে ফ্যাসিবাদী শক্তি নিজেদের সংকীর্ণ রাজনৈতিক প্রয়োজনেই এ দেশের রাজনীতিকে কৃত্রিমভাবে বিভক্ত ও মেরুকরণ করার চেষ্টা করেছিল বলে জানান তিনি। 

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‍‍`আমরা বাংলাদেশি‍‍` নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‍‍`দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন‍‍` শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জনগণের গণতান্ত্রিক আন্দোলন এবং সত্য ইতিহাসের প্রবাহ সেই কৃত্রিম বয়ানকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।তথ্যমন্ত্রী আরও বলেন যে ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে, সেখানে বিকৃতকারীরা শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয়। 

বাংলাদেশের সাধারণ মানুষ নিজেদের স্বকীয় ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি সম্পূর্ণ স্বতন্ত্র জাতিসত্তা গড়ে তুলেছে। এই দেশের মানুষকে নিজস্ব পরিচয়ের বৈধতা প্রতিষ্ঠার জন্য অন্য দেশের সীমান্তের ওপারে গিয়ে কারও কাছ থেকে কোনো বিশেষ সনদ নিতে হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে এ দেশের মানুষের সেই স্বতন্ত্র পরিচয়কে একটি শক্তিশালী রাজনৈতিক দর্শনে রূপ দিয়েছিলেন।

আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের জাতীয় স্বার্থই হতে হবে আমাদের সকল নীতিনির্ধারণের মূল কেন্দ্রবিন্দু। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্ক এবং বৈশ্বিক পরিসরে জাতিসংঘের কাঠামোর মধ্য দিয়েই বাংলাদেশ তার মর্যাদাপূর্ণ অবস্থান আরও সুদৃঢ় করতে পারে। দক্ষিণ এশিয়ার ২২০ কোটিরও বেশি মানুষের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সার্ককে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিএনপি নেতা সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।