রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৮:২৯ পিএম

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ঘরে ঘরে সেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। আজ রোববার ১৪ জুন ২০২৬ তারিখে সকালে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। 

এই বিশেষ প্রকল্পের আওতায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী বাহিনীর মধ্যে প্রায় ৮০ হাজার হবেন নারী যারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করবেন।নারায়ণগঞ্জের এই ভিক্টোরিয়া হাসপাতাল থেকেই আজ দেশের ১০টি জেলা সদর হাসপাতালের আইসিইউ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।উদ্বোধনী সভায় স্বাস্থ্যমন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে বেশ কিছু মেগা প্রকল্পের রূপরেখা তুলে ধরেন। 

তিনি জানান যে সারা দেশে নতুন করে আরও ২০টি বড় হাসপাতাল নির্মাণ করা হবে যার মধ্যে নারীদের সুরক্ষায় দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল থাকবে। বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার যেখানে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যানসার চিকিৎসা এবং মাতৃসেবাসহ উন্নত চিকিৎসার সুযোগ থাকবে। চিকিৎসা সেবা গতিশীল করতে প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অ্যাম্বুলেন্স এবং জরুরি রোগী পরিবহনের জন্য মোট চারটি হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তবে একই সাথে মন্ত্রী হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কর্মচারীদের অনুপস্থিতি এবং রান্নাঘর ও টয়লেটের নোংরা পরিবেশের কারণে তিনি জেলা সিভিল সার্জনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। পরশু দিনের মধ্যে পরিস্থিতি উন্নত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরাসরি কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি স্পষ্ট জানান। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্য আইনজীবী মো. আবুল কালামসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।