শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১০:৪৯ এএম

দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতের দিল্লিতে প্রবেশে বাধার মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ সোমবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে কলম্বো থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দুপুর ১২টার আগেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রহস্যজনক কারণে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লি গিয়েছিলেন তিনি। 

গত শুক্রবারই বাংলাদেশ হাইকমিশন তার অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু ইমিগ্রেশন থেকে প্রবেশের স্পষ্ট অনুমতি না পেয়ে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি আর দিল্লিতে প্রবেশ করেননি। 

রাতেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হয়ে আজ ভোরে সেখানে পৌঁছান এবং সকাল আটটার দিকে ঢাকার ফ্লাইট ধরেন।এদিকে দিল্লি বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখন বিস্তারিত খোঁজ নিচ্ছে ঢাকা। পুরো বিষয়টি জানার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে সরকারি সূত্র জানিয়েছে।