জুন ১৫, ২০২৬, ১০:২০ পিএম
ব্যারিস্টার জাইমা রহমানের ফুটবল প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাবের বিষয়টি নতুন নয়, তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফুটবল খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ডি-বক্সের কাছাকাছি বল পেয়ে চমৎকার দক্ষতায় তা নিয়ন্ত্রণ করছেন তিনি। একপর্যায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দর্শকদের মুগ্ধ করেন জাইমা।
তার নিখুঁত বল নিয়ন্ত্রণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দেখে নেটিজেনরা রীতিমতো বিস্মিত।জাইমা রহমানের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার খেলোয়াড়সুলভ মনোভাবের প্রশংসা করেন। এর আগেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মুখে তার ক্রীড়া প্রতিভার কথা শোনা গিয়েছিল। সাম্প্রতিক সময়ে তিনি বিকেএসপি পরিদর্শন করে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিয়েছেন এবং ক্রীড়াবিদদের প্রদর্শনী উপভোগ করেছেন।
ব্যারিস্টার জাইমা রহমান বর্তমানে নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বৃদ্ধির মতো বিভিন্ন সামাজিক বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। খেলাধুলার প্রতি তার এই আগ্রহ শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি বিকেএসপির মতো প্রতিষ্ঠানে গিয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের চেষ্টাও করেন। তার এই বহুমুখী সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়া প্রেম সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্বকাপ ফুটবল চলাকালীন তিনি নিজের পছন্দের দল নিয়েও ইঙ্গিত দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল ফুটবল দলের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, আপনারা কি রেডি? তার এই পোস্টটি ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং অনেকে তাকে ব্রাজিল দলের সমর্থক হিসেবে ধরে নিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন