জুন ১৬, ২০২৬, ০৩:৪৬ পিএম
দেশব্যাপী শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিটি এলাকায় খেলার মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) আয়োজিত এক কর্মশালা শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল দেখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই মাঠ খোঁজার কাজ চলছে।সাবেক জাতীয় গোলরক্ষক ও বর্তমান প্রতিমন্ত্রী জানান, আগামী ২০ তারিখে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশব্যাপী শিশু খেলোয়াড়দের উৎসাহ জোগানো হচ্ছে। খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয় বিধায় এখন এই বিষয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না। এছাড়া বিশ্বকাপ চলাকালীন অতিরিক্ত উৎসাহী হয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
এর আগে বিকেএসপির অডিও-ভিডিও সেন্টার মিলনায়তনে তিন দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। `স্পোর্টস, সাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং` শীর্ষক এই কর্মশালার আয়োজন করেছে প্রতিষ্ঠানের স্পোর্টস সায়েন্স বিভাগ, যা মূলত ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের আধুনিক চিকিৎসা ও জরুরি জীবনরক্ষাকারী সেবার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা ও দ্রুত পুনর্বাসনের জন্য আধুনিক স্পোর্টস মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৮ জুন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন