রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি ও ইউরোপ

জাতীয় ডেস্ক

জুন ১৭, ২০২৬, ১১:৫১ এএম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি ও ইউরোপ

গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে জার্মানি ও ইউরোপ অত্যন্ত আগ্রহী বলে জানানো হয়েছে। জার্মানির ফেডারেল ফরেন অফিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হার্টম্যান এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। গত মঙ্গলবার জার্মান দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিপক্ষীয় এই কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন সম্ভাবনার বিষয়টি উঠে আসে।

বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে একটি কঠিন রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন সরকার পেয়েছে।এফএফওর দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান স্টিফেন কোখ এবং ফ্রাঙ্ক হার্টম্যান সম্প্রতি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করেন। সফরকালে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজের উপস্থিতিতে প্রতিনিধি দলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ডক্টর মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন। 

আলোচনায় দুই পক্ষই দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করা এবং বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে ইউরোপীয় ব্লকের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহের কথা জানানো হয়।

কূটনৈতিক এই আলোচনায় মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট ও তাদের পুনর্বাসনের বিষয়টি বিশেষভাবে স্থান পায়। জার্মান প্রতিনিধি দল বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে। এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় রাজনৈতিক সমর্থন আহ্বান করেন। এছাড়া প্রতিনিধি দলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করে, যেখানে দেশে ব্যবসা-বাণিজ্য সহজতর করা এবং চামড়া, পাট ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।