জুন ২০, ২০২৬, ০৭:১৫ পিএম
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল চারটার দিকে তিনি রাজধানীর আর্মি স্টেডিয়ামে পৌঁছান।সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী খুদে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।সারা দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিভিন্ন ধাপে বাছাই শেষে মোট চারটি দল এই প্রতিযোগিতার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বর্তমানে বালিকা বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়েছে। গ্যালারিতে বসে এই বিশেষ ম্যাচটি উপভোগ করছেন প্রধানমন্ত্রী।
এর আগে বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছানোর আগেই বালক বিভাগের এই ফাইনাল ম্যাচটি সম্পন্ন হয়।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক বিবরণ তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, গত ৬ এপ্রিল শুরু হওয়া এই বিশাল ফুটবল প্রতিযোগিতায় দেশজুড়ে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশ নিয়েছে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করে আগামী আসরে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন