রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৫:২৪ পিএম

চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭টি মামলায় ৫৯ জন আসামিকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং অন্য আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী আসাদুজ্জামান চব্বিশের গণহত্যার সাজা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী জানান, চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলার রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। 

সচল থাকা এই মামলাগুলোর মধ্যে ২২টি মামলা বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং ৫১টি মামলা তদন্তাধীন অবস্থায় আছে।মন্ত্রী আরও জানান, চব্বিশের গণহত্যার সাজা নির্ধারণে মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ১৭৪ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং ২৮৮ জন আসামি এখনও পলাতক রয়েছেন। এ ছাড়া আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন আসামি ট্রাইব্যুনাল থেকে সসম্মানে খালাস পেয়েছেন।