জুন ২৩, ২০২৬, ০৬:৪৩ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়নাঘরের সেই চেয়ারে বসিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের সদস্যদের নির্যাতন করা হতো। আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে, ওই চেয়ারে বসিয়ে শাস্তির মুখোমুখি করতে হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রেহানা আক্তার।বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ করে রেহানা আক্তার রানু বলেন, অনৈক্যের কারণে কোনো দানবীয় পরিস্থিতি যেন ফেরত না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা পরিবর্তনের পক্ষে ছিলেন, তাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে নিহত ১১ জনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে রেহানা আক্তার রানু বলেন, তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসামিদের ধরছে না, ধরলেও অনেকে দ্রুত জামিন পেয়ে যাচ্ছে। তারা বলছেন, আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু সন্তান হত্যার বিচার চাই।
রানু বলেন, কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা ও ডাকাতেরা কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। অর্থ লুট করে তারা বিদেশে বিলাসী জীবনযাপন করছে। আজকে সাধারণ গ্রাহকেরা চিকিৎসার জন্য নিজেদের জমানো টাকা তুলতে পারছেন না। যেসব লুটেরা গ্রাহকের টাকা লুটেছে তাদের কোনো ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। একই সাথে তিনি সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোর সেবা ব্যবস্থার উন্নতির আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন