রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার সত্যিকারের কার্যকর সংসদ পাওয়া গেছে, স্পিকার হাফিজ

জাতীয় ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৯:১১ পিএম

এবার সত্যিকারের কার্যকর সংসদ পাওয়া গেছে, স্পিকার হাফিজ

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি সত্যিকারের কার্যকর জাতীয় সংসদ গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বা বিপিজেএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।গণমাধ্যমের শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সংসদের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিজের দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অতীতে বেশ কয়েকটি সংসদে দায়িত্ব পালন করলেও তখনকার কিছু অভিজ্ঞতা ছিল অত্যন্ত বিব্রতকর। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলের অনিয়মের কথা স্মরণ করে তিনি জানান, তখন ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা ঘটত। তবে দীর্ঘ সময় পর এবার অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে একটি প্রকৃত এবং যোগ্য সংসদ পাওয়া গেছে, যা ১৯৯১ সালের সংসদের মতোই কার্যকর। জনগণের সেবা করাই এখন নির্বাচিত প্রতিনিধিদের প্রধান দায়িত্ব হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদকে রাষ্ট্রীয় সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অপরিহার্য। চিফ হুইপ মো মো. নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। বিপিজেএ সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।