জুন ৩০, ২০২৬, ০৫:১০ পিএম
দেশের বেকার যুবকদের দক্ষ ও যোগ্য মানবসম্পদে রূপান্তর এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বর্তমানে ১০টি বড় প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী দেশের যুব সমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির এই সরকারি রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরেন।দ্রুত সময়ে দৃশ্যমান সুফল অর্জনের জন্য আরও ৬টি নতুন অগ্রাধিকারভিত্তিক প্রকল্প গ্রহণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী তাঁর লিখিত জবাবে বর্তমানে চলমান ১০টি প্রকল্পের বিস্তারিত বিবরণ সংসদকে জানান। এগুলোর মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস প্রকল্পের দ্বিতীয় পর্যায় এবং দারিদ্র্য বিমোচনে আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের তৃতীয় পর্যায়।
এছাড়া যুব প্রশিক্ষণ কেন্দ্রে জীবনদক্ষতা শিক্ষা ও জাতীয় যুব প্ল্যাটফর্ম শক্তিশালীকরণ প্রকল্প, শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে থাকা যুবকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য ইএআরএন প্রকল্প এবং কক্সবাজারে নারী ও যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য আইএসইউসি প্রকল্প চলমান রয়েছে। একই সাথে ৬৪ জেলায় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষিত চাকরিপ্রত্যাশীদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং আইসিটি-দক্ষ যুবকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রকল্পও সমান গতিতে বাস্তবায়িত হচ্ছে।
এর বাইরেও বেকার যুবকদের দ্রুত কর্মসংস্থানের আওতায় আনতে আরও ৬টি নতুন প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে উপজেলা পর্যায়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ, যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নাগরিকদের সেবাদানে বিশেষ কেয়ারগিভার উন্নয়ন প্রকল্প অন্যতম। তাছাড়া দেশের সব মহানগরে বেকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং ও ভাষা প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যুবকদের দেশে-বিদেশে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে বলে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন