বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত সরকারের

জাতীয় ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১০:১৯ এএম

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত সরকারের

বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের শিকার সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমান বাহিনীর ১৪ জন কর্মকর্তাকে এই পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে যারা অন্যায়ভাবে অবসরে পাঠানো, অপসারণ বা বরখাস্তের শিকার হয়েছেন, তাদের আবেদন যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুনর্বাসনের ফলে এই কর্মকর্তাদের প্রাপ্য ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী সব ধরনের আর্থিক সুবিধা নিশ্চিত করা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরা হয়েছে।ভুক্তভোগী কর্মকর্তাদের অনেকেই সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। 

তবে তাদের প্রত্যাশা, ভবিষ্যতে রাজনৈতিক স্বার্থে সশস্ত্র বাহিনীকে যেন কোনোভাবেই ব্যবহার করা না হয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মনে করেন, প্রশাসন ও বাহিনীতে নিরপেক্ষতা বজায় রাখা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা রাষ্ট্রের ক্ষতি এড়াতে এবং বাহিনীর পেশাদারিত্ব ধরে রাখতে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম প্রতিরোধের দাবি জানান।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও যুগোপযোগী সংস্কারের ওপরও গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। একটি নিরপেক্ষ ও সচেতন কর্মপরিবেশ নিশ্চিত করাই এখন বাহিনীর প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন তারা।