জুলাই ৩, ২০২৬, ১১:৫৫ এএম
তিস্তা প্রকল্প বাংলাদেশের নিজস্ব উদ্যোগ এবং এ বিষয়ে বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুতই এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।বৃহস্পতিবার ঢাকাস্থ চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে অত্যন্ত সফল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক।
তার মতে, নতুন প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।তিস্তা নদীর গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত জানান, এই নদীর অববাহিকায় বসবাসরত ১০ লক্ষাধিক মানুষের জীবনমান উন্নয়নে চীন সহায়তা দিতে আগ্রহী। তবে প্রকল্পটি শুরু করার আগে নদীর জটিল পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাব্যতা যাচাই করার ওপর জোর দিয়েছেন তিনি।
চীনা রাষ্ট্রদূতের স্পষ্ট বক্তব্য, বাংলাদেশ যেভাবে এবং যখন চাইবে, চীন সে অনুযায়ীই প্রকল্পটিতে কাজ শুরু করতে প্রস্তুত।প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে দুই দেশের নেতাদের মধ্যে যে ঐকমত্য অর্জিত হয়েছে, তা আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করবে বলে আশা প্রকাশ করেন ইয়াও ওয়েন। তার ভাষ্যমতে, চীন-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন