বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আবু সাঈদ হত্যার দ্রুত রায় কার্যকর করার দাবি

জাতীয় ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০১:০৭ পিএম

আবু সাঈদ হত্যার দ্রুত রায় কার্যকর করার দাবি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু হোসেন। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এসব দাবি তুলে ধরেন।

আবু হোসেনের ছোট ভাই আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন।তিনি বলেন, সাঈদকে নির্মমভাবে গুলি করে হত্যার দৃশ্য বিশ্ববাসী দেখেছে। তার আত্মত্যাগই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে মানুষকে অনুপ্রাণিত করেছিল। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও অনেক পরিবার তাদের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব হয়েছে। 

এছাড়া অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। প্রধানমন্ত্রীর কাছে তার আবেদন, এসব পরিবার ও আহতদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।আবু হোসেন জানান, আমার ভাইয়ের মামলার রায় হয়েছে। এখন আমরা দ্রুত সময়ের মধ্যে সেই রায়ের বাস্তবায়ন দেখতে চাই। 

এছাড়া তিনি উত্তরাঞ্চলের উন্নয়নের অংশ হিসেবে উত্তরবঙ্গে একটি ইপিজেড স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈদেশিক কর্মসংস্থানে বিশেষ প্রণোদনা চালুর দাবি জানান।স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব স্মৃতিচিহ্ন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা প্রয়োজন।