জুলাই ৪, ২০২৬, ০৬:২৫ পিএম
বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সারা দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনাগুলো মেনে চলা সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক।চিঠিতে ৬টি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে— সব প্রতিষ্ঠান প্রধানকে নিজ দায়িত্বে সার্বক্ষণিক হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত মনিটরিং করা এবং পরিচালক বা বিশেষায়িত হাসপাতালের প্রধানদের প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
এছাড়া জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের জন্য নির্দিষ্ট তালিকা অনুসরণ করতে বলা হয়েছে এবং পরিদর্শন শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে সচিত্র প্রতিবেদন জমা দিতে হবে।সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৭ আগস্টের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বায়োমেট্রিক মেশিন সচল করে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, এই কার্যক্রমে ব্যর্থতার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।বর্তমান সরকারের মেয়াদের ১৮০ দিন পূর্তিকে কেন্দ্র করে স্বাস্থ্যসেবায় গতিশীলতা ফিরিয়ে আনতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন