বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ১০:৪৪ পিএম

গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, উন্নত পল্লি ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, একটি ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার উন্নয়নের মূলধারায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করতে চায়। এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শন ও জনগণের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও কুটিরশিল্পের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারেক রহমান বাণীতে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচির মাধ্যমে জাতীয় উন্নয়নের রূপরেখা প্রণয়ন করেছিলেন। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, স্থানীয় সরকার শক্তিশালী করা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য ছিল সেই কর্মসূচির মূল ভিত্তি। এছাড়া তিনি শহীদ জিয়ার গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে নেওয়া বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি ঋণ মওকুফসহ নানা উদ্যোগের কথা স্মরণ করেন।

বর্তমান সরকার জাতীয় নির্বাচনি ইশতেহার-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন এবং পল্লি অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে বলে বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল অংশীজনকে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।