বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তায় কঠোর নির্দেশনা

জাতীয় ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৮:০২ পিএম

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তায় কঠোর নির্দেশনা

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

চলমান এইচএসসি পরীক্ষা-২০২৬-এর প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে প্রেরণ এবং বিতরণের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্নপত্র সরবরাহ করা যাবে না। পরীক্ষা শেষে বাড়তি প্রশ্নপত্রগুলো তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই প্রশ্নপত্র বা এর কোনো অংশ পরীক্ষার কক্ষের বাইরে নেওয়া যাবে না।

সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই নিয়মগুলো কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এই নির্দেশনা বাস্তবায়নে সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রকসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।