রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের তারিখ ঘোষণা

জাতীয় ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০২:২৭ পিএম

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের তারিখ ঘোষণা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়েছে। এই মামলার রায় ঘোষণার জন্য আগামী ৯ জুলাই বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ টানা তিন দিনের শুনানি শেষে রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন। শুনানিতে অংশ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের যুক্তি ও আবেদন উপস্থাপন করেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত বিষয় সংসদের ওপর ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানান। এর আগে গত সোমবার সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্য পক্ষভুক্তরা তাদের শুনানি শেষ করেছিলেন।

বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়া শুনানি শেষে দাবি করেন, পঞ্চদশ সংশোধনী ছিল একটি প্রতারণা এবং এটি পুরোপুরি বাতিলের দাবি জানান। তবে তিনি শুনানিতে সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা চাওয়া হয়। অন্যদিকে, জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির শুনানি শেষে পঞ্চদশ সংশোধনীর যে সমস্ত বিষয় মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো বাতিল এবং বাকি বিষয়গুলো সংসদের ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানান।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছিলেন।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দিয়েছিলেন। ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এনে তৎকালীন সরকার পঞ্চদশ সংশোধনী পাস করেছিল। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা তিনটি পৃথক আপিলের চূড়ান্ত শুনানি শেষে এখন রায়ের অপেক্ষায় রয়েছে পুরো দেশ।