রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চীনে কাঁঠাল রপ্তানি করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৭:১৯ পিএম

চীনে কাঁঠাল রপ্তানি করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনে বাংলাদেশি কাঁঠাল রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক চীন সফরের সময় দেশটিতে বাংলাদেশি কাঁঠাল রপ্তানির বিষয়ে চুক্তি সই হয়েছে। চীনের বাজারে বাংলাদেশি কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে এবং দেশটির মানুষ এটি বেশ পছন্দ করে। তাই ইনশাআল্লাহ খুব দ্রুত বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানি শুরু করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী তার সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার জনপ্রিয় ফল ডোরিয়ান অনেকটা কাঁঠালের মতো। মালয়েশিয়া প্রতি বছর চীন থেকে ডোরিয়ান রপ্তানি করে এক বিলিয়ন ডলার আয় করে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, মালয়েশিয়া যদি পারে, তবে বাংলাদেশও কাঁঠাল রপ্তানি করে বড় অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে সেখানে আনারস প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হলেও তা বন্ধ হয়ে গেছে। তবে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বর্তমানে কৃষি আধুনিকীকরণের মাধ্যমে ফল ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার।