বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

ইউরোপের স্বপ্নের পথে যাত্রা: আনসার বাহিনীর নারী কর্মী বাছাই শুরু

জাতীয় ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৭:৪০ পিএম

ইউরোপের স্বপ্নের পথে যাত্রা: আনসার বাহিনীর নারী কর্মী বাছাই শুরু

ছবি - সংগৃহীত

ইউরোপের দেশ মলদোভায় নিরাপদ ও আইনি প্রক্রিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) এর ৩০০ জন শহর প্রতিরক্ষা দল (টিডিপি) নারী সদস্যকে এই প্রক্রিয়ার আওতায় আনার জন্য বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই কর্মী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ছাড়াই স্বচ্ছতা নিশ্চিত করতে ৫টি শক্তিশালী বাছাই কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বাছাই কার্যক্রমের প্রথম ধাপে ঢাকা মহানগর উত্তর ও পূর্ব জোনের ১৩৯ জন টিডিপি নারী সদস্যা অংশগ্রহণ করেন। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই বাছাই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। প্রার্থীরা নিজ নিজ স্মার্টফোনের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সরাসরি ‍‍`গুগল ফর্ম‍‍`-এর মাধ্যমে লাইভ লিখিত পরীক্ষায় অংশ নেন। এছাড়া শারীরিক যোগ্যতা যাচাই ও বিশেষায়িত জুরি বোর্ডের সামনে সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

পুরো পরীক্ষার মূল্যায়ন একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে, যাতে কোনো ধরনের মানুষের হস্তক্ষেপ বা স্বজনপ্রীতির সুযোগ নেই। বৃহস্পতিবার (৯ জুলাই) দ্বিতীয় ধাপে ঢাকা মহানগর দক্ষিণ ও পশ্চিম জোনের ১৬১ জন নারী সদস্যা একইভাবে এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেবেন।

নির্বাচিত প্রার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারের চ্যালেঞ্জ জয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। ইউরোপের সমাজ ও কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের প্রস্তুত করা হবে। এই যুগান্তকারী উদ্যোগ সফল হলে তা দেশের জনশক্তি রপ্তানি খাতে একটি নতুন মাইলফলক হিসেবে গণ্য হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।