শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

শহরের পাশাপাশি গ্রামেও চিকিৎসা সেবা দিতে হবে‍‍` — প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১২:৩৮ পিএম

শহরের পাশাপাশি গ্রামেও চিকিৎসা সেবা দিতে হবে‍‍` — প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা থেকে রোগীর চাপ কমাতে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও সক্ষম করে তুলতে কাজ করছে সরকার। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, রাজধানীর চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিতে হবে।

সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। হাসপাতাল ও কলেজসংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। দীর্ঘদিনের দখলমুক্ত হওয়ায় ফুটপাতগুলো স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে এবং যানজটও অনেকটা কমে এসেছে।

চিকিৎসা শিক্ষার অন্যতম এই কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপস্থিতি শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে নতুন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালের মান উন্নত হলে সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকার হাসপাতালেই উন্নত চিকিৎসা পাবেন, যা সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতের ওপর চাপ কমাবে।