রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় সংসদে সূরা মুলকের তাফসির করলেন জামায়াত আমির

জাতীয় ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৭:৪১ পিএম

জাতীয় সংসদে সূরা মুলকের তাফসির করলেন জামায়াত আমির

জাতীয় সংসদে পবিত্র কোরআনের সূরা মুলকের ২ নম্বর আয়াত তেলাওয়াত করে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সংসদ অধিবেশনে আয়াতটির ব্যাখ্যা করার সময় অন্য সদস্যরা তা মনোযোগ দিয়ে শোনেন।

জামায়াত আমির বলেন, আল্লাহ তাআলাই সেই মহান সত্তা, যিনি মানুষকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আয়াতে আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন। তিনি বলেন, জীবন ও মৃত্যু সৃষ্টির মূল উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করা। এই নশ্বর পৃথিবীতে মানুষের অবস্থান একটি পরীক্ষা মাত্র।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ দেখতে চান মানুষের মধ্যে কে ‘আহসান’ অর্থাৎ সুন্দরতম চরিত্রের অধিকারী এবং উত্তম আমলের অধিকারী। পৃথিবীতে কার কাজ এবং আচরণ সবচেয়ে ভালো, সেটিই এই পরীক্ষার মূল বিষয়। আয়াতে বর্ণিত আল্লাহর দুটি গুণের কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ অত্যন্ত কঠোর হতে পারেন তাদের প্রতি যারা সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে, আবার যারা অনুগত তাদের প্রতি তিনি অত্যন্ত দয়াশীল ও ক্ষমাশীল।

জামায়াত আমির আরও বলেন, মানুষকে কোনো উদ্দেশ্যহীনভাবে তৈরি করা হয়নি, বরং সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো ভালো কাজ করা। তিনি আয়াতের ব্যাখ্যার সঙ্গে হাদিসের প্রসঙ্গ টেনে বলেন, মানুষের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে মানুষের কল্যাণে নিয়োজিত থাকে।