রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৮ দিনের ছুটির সুযোগ

জাতীয় ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ১২:২৬ পিএম

আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৮ দিনের ছুটির সুযোগ

ছবি - সংগৃহীত

আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায় টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসটিতে দুটি সাধারণ সরকারি ছুটি থাকায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এই অবকাশ কাটানো সম্ভব হবে।কৌশলগতভাবে ঐচ্ছিক ছুটি নিলে এই সুবিধা পাওয়া যাবে।

প্রথম দফায় ৫ আগস্ট বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই দিন একদিনের ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্ট বুধবারের সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট শুক্রবার ও ৮ আগস্ট শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া সম্ভব।

দ্বিতীয় দফায় চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাধারণ সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই দিন একদিনের ছুটি নিলে ২৬ আগস্ট বুধবারের সরকারি ছুটির সঙ্গে ২৮ আগস্ট শুক্রবার ও ২৯ আগস্ট শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

আগস্ট মাসের সরকারি ছুটির তালিকার মধ্যে ৫ আগস্ট বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী অন্তর্ভুক্ত রয়েছে। তবে ঈদের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ছুটির এই সমন্বয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মব্যস্ত জীবনের মাঝে কিছুটা স্বস্তি এনে দেবে। যারা পরিবারসহ কোথাও ঘুরতে যেতে চান বা লম্বা বিরতি খুঁজছেন, তাদের জন্য আগস্ট মাসটি বেশ সুবিধাজনক হতে পারে।