রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জাতীয় ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ১২:১১ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

ছবি - সংগৃহীত

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাশেদ খান। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়, চুক্তিভিত্তিক এই নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত পূরণ করতে হবে। 

প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে, যেটির মেয়াদ আগে শেষ হবে, সেই সময় পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।নিয়োগ পাওয়ার পর রাশেদ খান রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি হিসেবে উল্লেখ করে নতুন এই দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন। এই প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।