জুলাই ২০, ২০২৬, ০৭:২৪ পিএম
চলতি বছর ওমরাহ পালন আরও সহজ করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশযোগ্য ওমরাহ ভিসা প্রদান করা হবে। সৌদি ভিশন ২০৩০ ও পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।নতুন এই ভিসার মাধ্যমে যাত্রীরা এক বছরের মধ্যে যতবার ইচ্ছা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
ভিসা ইস্যুর তারিখ থেকে এক বছর মেয়াদ থাকলেও, একজন যাত্রী মোট ৯০ দিনের বেশি দেশটিতে অবস্থান করতে পারবেন না। সৌদি আরবে ওমরাহযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সহজ করা, ভ্রমণ ও ইবাদতের অভিজ্ঞতা উন্নত করা এবং সেবার মান বাড়ানোই এই পরিবর্তনের মূল লক্ষ্য। তবে এই সুবিধা পেতে যাত্রীদের সংশ্লিষ্ট সব সরকারি বিধি-নিষেধ ও শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
ওমরাহ পালনের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ সংগ্রহ করা বাধ্যতামূলক। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের বেশি হতে পারবে না। এছাড়া, সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করাও অপরিহার্য।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ওমরাহযাত্রীদের জন্য এই ব্যবস্থা ইবাদত ও ভ্রমণকে আরও আরামদায়ক করবে। সৌদি সরকার ওমরাহ সেবার মান ও দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, নতুন এই ভিসা পদ্ধতি ওমরাহ পালনে আগ্রহী যাত্রীদের জন্য একটি সময়োপযোগী ও কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন